
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে “শর্টফিল্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
ফুলকুঁড়ি আসরের পাঁচটি বিভাগীয় কার্যক্রমের একটি হলো সাংস্কৃতিক বিভাগ। এ বিভাগের আওতায় শর্টফিল্ম ও মাইম প্রদর্শনীর মতো কর্মসূচি নিয়মিত আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ, দেশীয় চলচ্চিত্র শিল্পের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নতুন নির্মাতা ও শিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়।
ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার পরিচালক আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক নাহিদুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ (বান্না)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এছাড়া উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।
অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, শিশু-কিশোরদের শহীদ ওসমান হাদির মতো দেশপ্রেম ও আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে হবে। তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মতো উন্মুক্ত স্থানে এমন আয়োজন করায় ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শর্টফিল্ম প্রদর্শনী, মাইম পরিবেশনা, আবৃত্তি, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর ‘ঐক্য, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’—এই পাঁচটি আদর্শ ধারণ করে ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। কোমলমতি শিশু-কিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে চরিত্রবান ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের সেবা করাই সংগঠনটির মূল উদ্দেশ্য।