
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তির এক মাস পার না হতেই আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সংঘর্ষ শুরু হয় সায়েন্স ল্যাব এলাকায়। পরিস্থিতি বেগতিক হলে ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করা হয়। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হয়েছে, আর আইডিয়াল কলেজের এলাকায় কলাবাগান থানার পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে। নতুন করে সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকাবাসী ও যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে তোলে।
এই পরিস্থিতি মোকাবিলায় গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় দুই কলেজের মধ্যে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। তখন শিক্ষার্থীরা ‘আর মারামারি করবেন না’ বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মাত্র এক মাসের মধ্যেই সেই চুক্তি ভঙ্গ হয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল।