সৌদি আরবে মদ বিক্রি শুরু, দোকানের বাইরে গাড়ির দীর্ঘ লাইন

image 103

সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে মদ্যপান ও মদ কেনাবেচা এখনও নিষিদ্ধ থাকলেও সম্প্রতি বিদেশি প্রিমিয়াম ভিসাধারীদের জন্য মদের দোকান খোলা হয়েছে। আগে শুধুমাত্র বিদেশি কূটনীতিকরা এই সুযোগ পেতেন। নতুন নিয়মে ধনী অমুসলিম বিদেশি নাগরিকরাও রাজধানী রিয়াদে সরকারি অনুমোদনপ্রাপ্ত একমাত্র মদের দোকান থেকে মদ কিনতে পারবেন। এর ফলে দোকানের বাইরে দীর্ঘ গাড়ির লাইন লক্ষ্য করা যাচ্ছে।

এএফপি ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মদ কিনতে হলে ক্রেতা অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে। তার মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) হতে হবে।

রিয়াদের কূটনৈতিক এলাকায় থাকা এই লিকার শপে মদ কেনা গেলেও সেটি সেখানেই খাওয়া যায় না। বিদেশিরা প্রাথমিক চেকিং শেষে দোকান থেকে মদ ক্রয় করতে পারেন। একজন বিদেশি এএফপিকে জানিয়েছেন, প্রথমে বিশ্বাস করতে পারেননি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। আরেকজন বলেন, বন্ধুরা প্রথমে বিশ্বাসই করতে চায়নি; পরে দোকান থেকে মদ কিনে সবাই বিস্মিত হয়েছেন।

ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ হলেও ১৯৫২ সালের আগে সৌদিতে মদের দোকান ছিল। তখন থেকে দেশজুড়ে মদ্যপান ও মদ বিক্রি নিষিদ্ধ হয়। ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশি বিনিয়োগ এবং প্রিমিয়াম ভিসাধারীদের জন্য বিশেষ সুযোগ তৈরির অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়।

সরকারি সূত্র জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরান শহরেও আরও দুটি সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে।