-69ccac0146d10.webp)
অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেওয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) এই খবর প্রথম জানিয়েছে ডেইলি মেইল।
মিজানুর রহমান আজহারি ডেইলি মেইলে সর্বপ্রথম প্রকাশিত তথ্য অনুযায়ী এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ের কাছে বক্তৃতা দিয়ে থাকেন এবং তার অনলাইনে ১০ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে।
তিনি ‘বিশ্বাসের উত্তরাধিকার’ সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়ায় সফর করেছিলেন। সফরের সময় ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার বক্তৃতা আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে, এবং বর্তমানে তিনি দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।
অভিযোগ অনুযায়ী, আজহারি হিটলারের প্রশংসা করে তাকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তাদেরকে ‘বিষাক্ত কলঙ্ক’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া, তিনি অভিযোগ করেন যে, এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারা বিভিন্ন রোগের উদ্ভাবক।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানিয়েছেন, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন সম্প্রদায় সতর্ক করেছিল। তিনি বলেন, “আমি জানি, মন্ত্রী নিজেসহ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে এই বিষয়ে যোগাযোগ পেয়েছেন।”
আজহারির বক্তৃতা সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয়েছিল এবং ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি ও ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।