
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। দলের পক্ষ থেকে বিষয়টি সরাসরি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পোস্টাল ব্যালট এখনও পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশে নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছানো ও মুদ্রণ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা মনে করি, ব্যালট পেপারটি সঠিকভাবে তৈরি হয়নি। কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটি পরিবর্তনের আহ্বান জানিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের এনআইডি কপি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং ক্রিমিনাল অফেন্স। এর পূর্বেও তারা আচরণবিধি ভঙ্গের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। ফখরুল জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন।
বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ছিলেন দলের প্রতিনিধিদলে।