
ঢাকার সাভারে থানার কাছেই পরিত্যক্ত ভবন ভয়ংকর “মৃত্যুপুরী”তে পরিণত হয়েছে। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পুরাতন ভবনের ভেতর থেকে এক নারী ও এক শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, এই স্থান থেকে গত চার মাসে মোট পাঁচটি মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, আগেও একই ভবন থেকে একাধিক মরদেহ উদ্ধার হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় প্রতিটি ঘটনার ধরন একই হওয়ায় সন্দেহ করা হচ্ছে, এটি কোনো সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং বারবার এমন ঘটনা কেন ঘটছে তা তদন্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।