
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জনসভা আয়োজন এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শনের অভিযোগে তাকে এ তলব করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে রুমিন ফারহানাকে। রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে বড় মঞ্চ নির্মাণ করে মাইক ব্যবহার করে বক্তব্য দেন রুমিন ফারহানা। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর সরাসরি লঙ্ঘন।
এতে আরও বলা হয়, ওই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন, ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’
রিটার্নিং কর্মকর্তা জানান, এ সময় রুমিন ফারহানা জনসমক্ষে ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেন এবং তার কর্মী-সমর্থকেরা মারমুখী আচরণ করেন। এতে বিচারিক কার্যক্রমে বাধা সৃষ্টি হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের স্বার্থে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।