
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি বিশ্ববিদ্যালয়ের বিষয়াবলি নিয়মিতভাবে জানানোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এবং অন্তর্বর্তী সরকারের শেষ দিকে প্রধান উপদেষ্টার বিদায়ের সময় উপাচার্য এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য প্রধান উপদেষ্টাকে গত দেড় বছরের দায়িত্বকালীন সময়ে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
উপাচার্য প্রধান উপদেষ্টার হাতে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত একটি সালতামামি হস্তান্তর করেন। এছাড়াও স্মরণকালের বড় উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
তিনি প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শিল্পী আলপ্তগীন তুষারের অঙ্কিত একটি পোর্ট্রেট উপহার হিসেবে প্রদান করেন।