ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আত্মসমর্পণ

প্রতীকী ছবি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক যুবককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ খান (২৫)। পুলিশ অভিযুক্ত বাবা মো. বারেক খানকে আটক করেছে।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন জানান, শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই নেশার টাকার জন্য বাবাকে চাপ দিতেন। গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মোটরসাইকেল কেনার জন্য তিনি বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অক্ষমতার কারণে বাবার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়। পরে স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে শুভ বাবা হত্যার হুমকি দেন।

রাতের সময়ে ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমিয়ে থাকাকালীন ক্ষোভ ও উত্তেজনার বশে বারেক খান ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর বারেক খান থানায় আত্মসমর্পণ করেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।