মান্দায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি ২০০ পরিবার

web 3 1

আত্রাই নদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নওগাঁর মান্দা উপজেলার তালপাতিলা এলাকায় বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে হঠাৎ বাঁধ ভেঙে পড়ায় তালপাতিলা ও উত্তর চকরামপুর গ্রামের অন্তত ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এতে শতাধিক বিঘা ফসলি জমি তলিয়ে যায় এবং বিভিন্ন জলাশয়ের মাছ ভেসে যায়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নদের পানি বাড়তে থাকায় তারা রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছিলেন। কিন্তু ভোরের দিকে পাহারারত লোকজন সরে যাওয়ার পর বাঁধে লিকেজ দেখা দেয়। খবর পেয়ে এলাকাবাসী মেরামতের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁধ রক্ষা করা যায়নি।

তালপাতিলা গ্রামের বাসিন্দা এমদাদুল হক বাবুল জানান, ২০২৩ সালের বন্যায়ও একই স্থানে বাঁধটি ভেঙেছিল। দীর্ঘদিন মেরামতের উদ্যোগ না নেওয়ায় জায়গাটি খোলা অবস্থায় ছিল। দেড় মাস আগে সাময়িকভাবে সংস্কার করা হলেও এবার পানির চাপ সহ্য করতে না পেরে আবার ভেঙে গেছে। এতে জমিতে রোপণ করা আমন ধান ও জলাশয়ের মাছ ডুবে গিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা।

এদিকে মান্দা উপজেলা প্রশাসন দুর্গত এলাকা পরিদর্শন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী ভাঙনস্থল ঘুরে দেখেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি প্রশাসক ইমরান হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও আখতার জাহান সাথী জানান, বাঁধ ভাঙনের খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। ইতোমধ্যে কয়লাবাড়ি গ্রামের ২২টি পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আত্রাই নদের পানি ধীরে ধীরে কমছে। শনিবার বিকেল ৩টায় জোতবাজার পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৫.৪২ মিটার, যা বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে।