
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকালে হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি পোস্ট ও তার মন্তব্যকে ঘিরে দুই যুবকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
এর আগে, গত ১৪ জুলাই প্রতিপক্ষের হামলায় সুরত আলীর ছেলে আরজু মিয়া ও মেয়ে আকলিমা বেগম আহত হন। ওই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।