কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা খুলনায়

image 43

খুলনার রূপসা ঘাট এলাকায় কৃষি ব্যাংকের একটি শাখায় ভল্ট ভেঙে বড় অঙ্কের টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ধরা পড়ে।

স্থানীয়দের ভাষ্য, ব্যাংকের নিরাপত্তা প্রহরী প্রথমে মূল কলাপসিবল গেটের তালা কাটা অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

ব্যাংক শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংক বন্ধের সময় ভল্টে ১৬ লাখ টাকার বেশি ছিল। ঘটনার পর ভল্ট থেকে মাত্র ১ হাজার ৪০০ টাকা উদ্ধার হয়েছে, বাকিটা চুরি হয়ে গেছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, একাধিক তালা ভেঙে চোরেরা ব্যাংকে প্রবেশ করে ভল্ট ভেঙে টাকা নিয়ে যায়। ঘটনার সময় নিরাপত্তা প্রহরী সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি তদন্তাধীন।