
বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, “সরকারের ব্যর্থতার দায় আমি স্বীকার করছি। আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় আমি নিচ্ছি। আমি দুঃখিত।” তিনি আরও জানান, আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে এবং শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
বিদ্যুৎ ও পানির সংকটের কারণে গত ২৫ সেপ্টেম্বর রাজধানী আন্তানানারিভোতে ‘জেন-জি’ ব্যানারে তরুণদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রূপ নেয়। এ সময় অন্তত ২২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। কিন্তু আন্দোলন থামেনি; বরং বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট ও পুরো সরকারের পদত্যাগ দাবি করেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও সরকার বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন তিনি।
উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে মাদাগাস্কার একাধিক বিদ্রোহের সাক্ষী হয়েছে। এর মধ্যে ২০০৯ সালের গণবিক্ষোভে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা পদত্যাগে বাধ্য হন এবং ক্ষমতায় আসেন রাজোয়েলিনা।
২০২৩ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাজোয়েলিনার জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। জনমনে সরকারের প্রতি দীর্ঘদিনের অসন্তোষ এই আন্দোলনের মধ্য দিয়ে বিস্ফোরিত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি