
রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, আউয়ালের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। তিনি তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় বসবাস করতেন। বাবুল বলেন, “গত রাতে এক পথচারী আমাদের ফোন দিয়ে জানান যে হাতিরঝিলে একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক আউয়ালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।