গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, নিহত আরও ৫০ ফিলিস্তিনি

web 3 5

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছে না। সর্বশেষ হামলায় আরও অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫৫ জনে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে আরও ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন ১৮৪ জন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে, কারণ অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার সম্ভব হয়নি।

মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে শুধুমাত্র ত্রাণ সংগ্রহের সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৮১৭ জনে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, আগ্রাসনের অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

তবুও গাজায় ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ থেমে নেই।