
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য এবং সদ্য সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে নিজ গ্রামের ব্রাহ্মণহাটা পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজায় স্থানীয় জনগণ, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। এর আগে, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। শেষ দুটি মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
গত বছরের ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে পুলিশ তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।