
অতীতের সব ভুলের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, “১৯৪৭ সাল থেকে আজকের দিন (২২ অক্টোবর ২০২৫) পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন— আমরা তাদের কাছে বিনাশর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।”
জামায়াত আমির জানান, এটি কোনো প্রথমবারের ক্ষমা নয়। তিনি বলেন, “এই এপোলজি আমি কমপক্ষে তিনবার দিয়েছি। অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও পূর্বে ক্ষমা চেয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহার জেল থেকে মুক্তি পাওয়ার সময়ও আমি ক্ষমা প্রার্থনা করেছি।”
নিজ দলের ভুল স্বীকার করে তিনি আরও বলেন, “আমরা ভুল করি নাই, এটা বলব কিভাবে? শত সিদ্ধান্তের মধ্যে একটি যদি ভুল হয়, সেটিই জাতির ক্ষতি ডেকে আনতে পারে। সেই ভুল সিদ্ধান্তের জন্য মাফ চাইতে আমার কোনো অসুবিধা নেই।”
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বিভিন্ন বিষয়ে গণভোট আয়োজন করা প্রয়োজন। তিনি আরও যোগ করেন, “ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে।”