
টানা আট দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমল স্বর্ণের দাম। ভরিপ্রতি ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
বুধবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের ঘোষণায় বলা হয়, নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকায়, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
এর আগে বুধবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায় বিক্রি হচ্ছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে কিছুটা তারতম্য হতে পারে।
সংগঠনটি জানায়, বিশ্ববাজারে টানা দামবৃদ্ধির পর গত শুক্রবার (১৭ অক্টোবর) স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমায় দেশের বাজারেও এর প্রভাব পড়ে। ফলে ভরিপ্রতি ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।