খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে ১৫ কোটি টাকা চাঁদাবাজি

image 44

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সিআইডি জানায়, অনুসন্ধানে বেরিয়ে এসেছে— মোতাল্লেছ হোসেন নিজেকে খালেদা জিয়ার ‘লিয়াজোঁ অফিসার’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে।

তদন্তে আরও জানা যায়, মোতাল্লেছ হোসেনের ‘এম এল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন। যদিও প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স রয়েছে, কিন্তু কোনো ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি। কখনো নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা-বাগান উদ্যোক্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে তিনি প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন।

পরবর্তীতে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি কাজে লাগিয়ে বিএনপি–সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করে আত্মসাৎ করেন তিনি।

সিআইডি জানায়, মোতাল্লেছ হোসেনের বিভিন্ন হিসাবে থাকা পাঁচ কোটি টাকার বেশি অর্থ আদালতের আদেশে ইতিমধ্যেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্লবী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারায় মামলা (নম্বর-১৯) দায়ের করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দু–তিনজনকে আসামি করা হয়েছে।