মানিকগঞ্জে পুলিশের ৩ সদস্যকে ধরে বেধড়ক পিটুনি

web 4

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে অভিযোগ তদন্ত করতে গিয়ে তিন পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।

আহত পুলিশ সদস্যরা হলেন—সাব-ইন্সপেক্টর (এসআই) কামাল হোসেন এবং কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের মঙ্গল হোসেন (৮০) তার ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের তদন্তে বিকেলে এসআই কামাল হোসেন দুই কনস্টেবলসহ ঘটনাস্থলে যান। সেখানে অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে পুলিশ সদস্যরা মারধরের শিকার হন।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে।

আহত পুলিশ সদস্যদের মানিকগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান জানান, এসআই কামাল হোসেন সবচেয়ে বেশি আহত হয়েছেন, তার নাক ফেটে গেছে। বাকিরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত ও তার ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।