জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না: ফারুক-ই-আজম

2eeda29419bfd442b5ec70ffb48c97a1 687ddf0990839

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ রাখা হচ্ছে না। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “এ পর্যন্ত ৮৪৪ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করে সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়া আহতের ধরন অনুযায়ী ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ‘ক’ শ্রেণীতে ৯০৮ জন, ‘খ’ শ্রেণীতে ৪ জন এবং ‘গ’ শ্রেণীতে ১০,৬৪২ জনকে চিহ্নিত করা হয়েছে।”

উপদেষ্টা আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের জন্য এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্রও চলতি অর্থবছরের মধ্যেই দেওয়া হবে।

জুলাই যোদ্ধাদের জন্য এখন পর্যন্ত মোট ২০২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি।

তবে সরকারি চাকরিতে এদের জন্য কোনো কোটা থাকবে না—এ কথা স্পষ্ট করে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের অবদান অনন্য ও চিরস্মরণীয়।”

/