
নেত্রকোণার দুর্গাপুরে এক বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার চকলেঙ্গুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোহাগ মিয়া (২৯) ও তার স্ত্রী ঝুমা আক্তার (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া জেলার দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে। প্রায় এক বছর আট দিন আগে তিনি বিয়ে করেন কুড়ালিয়া গ্রামের মো. রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তারকে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে।
শনিবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও তাদের ঘুম থেকে উঠতে না দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।