
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই পর্বের নির্বাচনী পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত এবং বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বিশেষভাবে সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, জাতি তাঁদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনাসদস্যদের এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলী, সততা, বিশ্বস্ততা ও নিযুক্তিগত উপযুক্ততাই হবে মূল বিবেচ্য।” তিনি পর্ষদ সদস্যদের নির্দেশ দেন, যেন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সামরিক জীবনে সফল ও যোগ্য নেতৃত্বদানকারী অফিসারদের মূল্যায়ন করা হয়।
তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বেসামরিক প্রশাসনের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” এ সময় তিনি সেনাপ্রধানসহ সব সেনাসদস্যকে দেশের প্রয়োজনে তাঁদের অবদান ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফ।
অনুষ্ঠান শেষে ড. ইউনূস উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।