
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ স্থগিত করা হয়েছে। শোকাবহ পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন স্থগিতের ঘোষণার পর এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন,
‘শোকের এই সময়ে আমরা কোনো উৎসবমুখর আয়োজন করতে চাই না। সে কারণেই জকসু ও হল সংসদ নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘জকসু আমার অধিকার’, ‘জকসু দিতে হবে দিতে হবে’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ মাহমুদ বলেন,
‘শোকের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। তবে বারবার একটি গণতান্ত্রিক অধিকার স্থগিত করা কোনো সমাধান হতে পারে না। জকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি।’
ইতিহাস বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন,
‘নির্বাচনের তারিখ অনেক আগেই নির্ধারিত ছিল। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ।’