
অবশেষে খুলনা-১ আসনে জামায়াত ইসলামী প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দীর্ঘদিনের জল্পনা শেষে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী কৃষ্ণ নন্দীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। নিজেও প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষ্ণ নন্দী।
জামায়াত ইসলামের ইতিহাসে এবারই প্রথম অন্য ধর্মের কোনো ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হলো, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত এক মাস ধরে তার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরছিল। খুলনা-১ আসনটি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত।
কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায়। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন ‘জামায়াত ইসলাম সনাতনী’ শাখার সভাপতি। এছাড়া তার নেতৃত্বে হিন্দু নারী ও পুরুষদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।
এর আগে খুলনা-১ আসনে মাওলানা ইউসুফকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কৃষ্ণ নন্দী জানিয়েছেন, ১ ডিসেম্বর জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তী বৈঠকের মাধ্যমে তাকে প্রার্থী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
খুলনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সী মঈনুল ইসলাম বলেন, ‘খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে, এবং দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।’