
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) মাউশির জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো বয়সসীমা আর থাকবে না। এতে আগের বয়সসীমার কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও এবার আবেদন করতে পারবেন। তবে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত বয়সের দিকে অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে।
সংশোধিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ‘পরবর্তী শ্রেণিগুলোতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে’ অংশটি বাদ দেওয়া হয়েছে। ফলে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে বয়সসীমা আর প্রযোজ্য নয়।
২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন চলমান রয়েছে। এই নতুন নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তির সময় শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর (১ জানুয়ারি ২০২১ জন্ম) এবং সর্বোচ্চ ৭ বছর (৩১ ডিসেম্বর ২০১৮ জন্ম) হবে।
ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইনে জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।
মাউশির সহকারী পরিচারক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী জানিয়েছেন, বয়সসীমা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ও অভিযোগ ছিল। অনেক অভিভাবক জানাচ্ছিলেন, তাদের সন্তান বয়সসীমার কারণে আবেদন করতে পারছেন না। এজন্য দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে।