নিজ বাসা থেকে জামায়াত নেতার মৃতদেহ উদ্ধার

image 113

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতা ও হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কয়েকজন দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে তার বাসায় প্রবেশ করে। তারা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে নগদ ৫ লাখ টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে পুলিশ আনোয়ার উল্লাহর মরদেহ উদ্ধার করে।

নিহত আনোয়ার উল্লাহ শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর রোকন ছিলেন। তিনি পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বও পালন করতেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ঘরের গ্রিল কেটে চোর প্রবেশ করে। ঘুমিয়ে থাকা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীকে বেঁধে রাখা হয়। এরপর দুর্বৃত্তরা ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। আনোয়ার উল্লাহ এই ঘটনায় মারা যান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, তিনি শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও রুকন ছিলেন। আনোয়ার উল্লাহ অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক এবং বিশিষ্ট সমাজসেবক ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুর্বৃত্তরা তার বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।