‘ভোট দিতে গেলে মরার প্রস্তুতি নিয়ে যেতে হবে’

image 114

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবারের নির্বাচনে যারা ভোটকেন্দ্রে যাবেন, তাদের মরার প্রস্তুতি নিয়েই যেতে হবে। আগের মতো আর দেশকে ধ্বংস করতে দেওয়া হবে না। যারা ভয় পান, তারা আগেই জানাবেন—তাদের বাদ দিয়েই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। কোনো অবস্থাতেই আগের ধাঁচের নির্বাচন হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জেলা প্রশাসন ভোট গ্রহণ কর্মকর্তাদের পাশে রয়েছে। ভোটকেন্দ্রে গিয়ে যদি কোনো ঝুঁকি মনে হয়, তাৎক্ষণিকভাবে জানাতে হবে—সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান বলেও তিনি জানান, যা প্রশাসনের দৃঢ় অঙ্গীকার।