ভোরবেলা নেতাকর্মীদের নিয়ে রাস্তা পরিষ্কারে ঝাড়ু হাতে জামায়াত আমির

জামায়াত আমির। ছবি : সংগৃহীত

বুধবার ভোরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারের কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর মনিপুর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফজরের নামাজের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। সেখানে তিনি ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, আর সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে তারা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।

ভিডিওতে তার সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন দুপুরে প্রথমে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন, পরে শপথ নেন এনসিপির সদস্যরা। এছাড়া ১১-দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ গ্রহণ করেন।