রোজা উপলক্ষে কলেজে ছুটি, স্কুল কবে বন্ধ

ফাইল ছবি

ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী আজ থেকে দেশের কলেজগুলোতে পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির সূচি থেকে এ তথ্য জানা গেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৯ মার্চ থেকে আবার ক্লাস শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত তালিকায় দেখা গেছে, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলো খুলবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজ বন্ধ থাকবে ১১ দিন।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।

এদিকে ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময়ই প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে; ২১ রমজান পর্যন্ত ক্লাস চলবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও ছুটি ১২ দিন কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি ছুটি বাতিল করা হয়েছে এবং রমজানের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে।