
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “আমরা হাসিনাকে একটি লাল কার্ড দেখিয়েছি। যারা নতুন ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হবে, ছাত্রসমাজ ও জনগণ তাদের ডাবল লাল কার্ড দেখাবে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ঢাকা কলেজের সামনে থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাইয়ের শহীদদের রক্তের চেতনাকে যারা ধারণ করবে, কেবল তারাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে।”
এ সময় সাদিক কায়েম বলেন, “অন্তর্বর্তী সরকার হাসিনাকে খুনি বলতে ভয় পায়। যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তাদেরও ছাড় দেওয়া হবে না।”