
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং সারাদেশে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে সায়েন্সল্যাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকা মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “বিচার চাই, গণহত্যার বিচার চাই”, “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “জুলাই নিয়ে টালবাহানা চলবে না”, “জুলাই সনদ আইন কর, ইনসাফ কায়েম কর”, “দেশ চলবে কোন পথে, ফয়সালা হোক গণভোটে”, “নভেম্বরে গণভোট দিতে হবে দিয়ে দাও”, “খুনিলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান”, “রাজপথে আসিস না, ফিরতে তোদের দিব না”, “লীগ ধর, জেলে ভর”— ইত্যাদি।
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সংগঠন সূত্রে জানা গেছে, নাশকতা প্রতিরোধে রাজধানীর ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একইসঙ্গে জামায়াতের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।