
দেশের উন্নয়নযাত্রায় নারীদের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী—তাই তাদের বাদ দিয়ে উন্নয়ন বা অগ্রগতির পরিকল্পনা করা কখনোই যুক্তিসঙ্গত নয়। তিনি বলেন, নারীদের দক্ষতা, নেতৃত্ব এবং ক্ষমতায়ন বাড়াতে হবে, তাহলেই জাতীয় উন্নয়ন টেকসই হবে।
শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, “অনেকেই স্বশিক্ষিত হলেও প্রকৃত অর্থে সুশিক্ষিত হতে পারে না। শুধু ভালো ফলাফল বা ডিগ্রি থাকলেই যথেষ্ট নয়; নৈতিকতা ও মূল্যবোধ না থাকলে সমাজ বা রাষ্ট্রকে ইতিবাচকভাবে সমৃদ্ধ করা সম্ভব নয়। তাই ভালো মানুষ হওয়াটাই সবার আগে প্রয়োজন।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাবসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।