সোনারগাঁয়ে সিমেন্টবাহী ট্রলার ডুবে: দুই নিখোঁজ যুবকের ম’র’দে’হ উদ্ধার করা হলো।

image 208

নারায়ণগঞ্জের মেঘনা নদীতে সিমেন্টবাহী ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই যুবক হলেন—বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে রনি এবং একই এলাকার স্বপন মৃধার ছেলে শুভ।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সোনাময়ী এলাকার মেঘনা নদীতে সিমেন্টবাহী ট্রলারটি ডুবে যায়।

বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ঘটনার পর সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে উদ্ধার অভিযান শুরু করলেও নদীতে তীব্র স্রোতের কারণে তা বন্ধ রাখতে হয়। শুক্রবার সকাল থেকে আবার অনুসন্ধান চালিয়ে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে নদীর মাঝামাঝি স্থানে ট্রলারটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢোকার কারণে এটি নিমজ্জিত হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে তোলা হয়। পরে মাঝ নদীতে ট্রলারটি নোঙর করে দুই যুবক ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় তলা ফেটে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়।