ঝিনাইদহে বাস ও ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

image 131

ঝিনাইদহের হরিণাকুন্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ইজিবাইকের যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে ঘটেছে।

নিহত সোহাগী খাতুন হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। ইজিবাইক চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।