
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হামিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মীকে চোর সন্দেহে পিটিয়ে তার বাম পা ভেঙে দিয়েছে স্থানীয়রা।
ঘটনাটি শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায় ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ হামিদুলকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামিদুল বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নতুনহাট দক্ষিণ শালশিরি এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল কমিটির সদস্য ও কামারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তবে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি কমিটিতে শুধু সদস্য।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই রাতে হামিদুল ভবেশ চন্দ্র রায়ের বাড়ির একটি ঘরের তালা ভেঙে প্রবেশ করেন। শব্দ পেয়ে বাড়ির লোকজন তাকে ধরার চেষ্টা করলে পালানোর সময় তিনি পাশের খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়।
ভবেশ চন্দ্র রায় বলেন, “আমি থানায় মামলা করতে গিয়েছিলাম, তবে পুলিশ সমঝোতার স্বাক্ষর নিয়ে গেছে। তারা বলেছে, প্রয়োজন হলে পরে মামলা করা যাবে। যেহেতু রাতের সময় অন্য এলাকার মানুষ এখানে ঢুকবে, তাই চুরি করার ইচ্ছা না থাকলেও বিষয়টি সন্দেহজনক।”
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির জানিয়েছেন, হামিদুলের বাম পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং ডান হাতেও আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার বলেন, চোর সন্দেহে হামিদুলকে স্থানীয়রা মারধর করেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে রংপুরে পাঠিয়েছেন। বাদী লিখিতভাবে অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মানিক বলেন, “হামিদুল ওয়ার্ড কমিটির সদস্য, কোন গুরুত্বপূর্ণ পদে নেই। শুনেছি, তিনি রাতে একটি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় স্থানীয় এক নারীর সাথে দেখা করতে গিয়েছিলেন। এখানেই স্থানীয়রা চোর সন্দেহে মারধর করেছে।”
হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সময় তার বোন জামাই সফিয়ার রহমান জানান, অসুস্থতার খবর শুনে তিনি হাসপাতালে গিয়েছেন, তবে মারধরের কারণ সম্পর্কে কিছু জানা নেই।