
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছার কথা জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশের এই চিঠির পরই আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য নতুন সূচি তৈরির প্রক্রিয়া শুরু করেছে আইসিসি।
সংবাদমাধ্যমগুলো আরও জানায়, সাম্প্রতিক সময়ে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সম্পর্কের অবনতি এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিস্থিতি অনেকটাই ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতো টানাপোড়েনে রূপ নিয়েছে বলেও উল্লেখ করা হচ্ছে।
এর আগে রোববার এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের’ কারণে তারা আইসিসির কাছে আবেদন করেছে, যাতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
এদিকে টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র এক মাসেরও কম সময় বাকি থাকায় (৭ ফেব্রুয়ারি), নতুন করে সূচি সাজানো আয়োজকদের জন্য বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মূল সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে হওয়ার কথা ছিল।
এরই মধ্যে বিসিবি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।