হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিম রিমান্ডে

image 463

রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (সোমবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন তারা আদালতে হাজির হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে ১৪ নভেম্বর সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মনির ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের স্ত্রী রোজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।