
রাজধানীর মিরপুরে আমির হোসেন নামের এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাসেল খান। অভিযোগে বলা হয়েছে, তিনি ৩ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনির মাধ্যমে ওই ব্যবসায়ীকে হত্যা করার পরিকল্পনা করেছেন।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাসেল খান ও এক ভাড়াটে খুনির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও নিয়ে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
যুগান্তরের কাছে আসা ৬ মিনিট ২৪ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ রেকর্ডে শোনা যায়, রাসেল খান নামের ওই নেতা এক ভাড়াটে খুনিকে ৩ লাখ টাকার চুক্তিতে আমির হোসেনকে হত্যা করার নির্দেশ দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেনের সঙ্গে মার্কেট উন্নয়ন প্রকল্প নিয়ে রাসেল খানের বিরোধ চলছিল। মার্কেটকে বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনার কারণে দুই পক্ষের মধ্যে মতবিরোধ গড়ে ওঠায় হত্যার এই পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাসেল খান অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। যে কণ্ঠ অডিওতে শোনা যাচ্ছে, সেটি তার নয়। তার নাম্বার ব্যবহার করে ও ছবি লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ডিএমপি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান যুগান্তরকে জানিয়েছেন, অডিওটি তারা শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।