গোপালগঞ্জে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

QWERTYUIOP
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবে। কাউকে তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত, ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। আহত ১০ পুলিশ সদস্যের মধ্যে ৫ জনকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপন গোয়েন্দা তথ্য থাকলেও এত বড় আকার ধারণ করবে তা ধারণা করা সম্ভব হয়নি বলে জানান জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই নির্দেশনা দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। সব ধরনের সতর্কতা নেওয়া হবে।’

তিনি সাংবাদিকদের আরও বলেন, এনসিপি নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ—এ নিয়ে যার যার বক্তব্য তাদের বিষয়।

ঘটনার পর থেকে গোপালগঞ্জে জারি করা কারফিউ আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে। সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

/সম্পাদক, এইচ নিউজ