জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণের ছবি দেখাতে পারবেন না জামায়াত–শিবির নেতারা: নাছির উদ্দীন

317366706 1279131512654707 1394532232911049993 n

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা জুলাই–আগস্ট আন্দোলনে নিজেদের অংশগ্রহণের কোনো ছবি দেখাতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার ষোলশহর শপিং সেন্টার চত্বরে গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে নগর ছাত্রদল আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন বলেন, “এক বছরেও জামায়াত–শিবির নেতারা জুলাই–আগস্ট আন্দোলনে কোনো ছবি দেখাতে পারেননি। অথচ ছাত্রদলের ১৪২ জন নেতা–কর্মী শহীদ হয়েছেন। শিবিরের কোনো ছবি থাকলে তারা যা বলবে, আমরা মেনে নেব।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, তা না হলে ছাত্রদল বসে থাকবে না।

নাছির উদ্দীন বলেন, জামায়াত–শিবিরের আসল রূপ দেখতে হলে চট্টগ্রাম, কক্সবাজার ও রাজশাহীতে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মব তৈরি করে ছাত্রদলের অগ্রযাত্রা ঠেকানোর ষড়যন্ত্র চলছে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলারও নিন্দা জানিয়ে তিনি বলেন, “১৬ জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির গোপালগঞ্জে যাওয়া কতটা যৌক্তিক, তা দেশবাসী ভালো জানে। নেতা–কর্মীদের বিপদে ফেলে তারা নিজেরা পালিয়ে গেছে কি না, তাও জানি না। সন্ত্রাসকবলিত গোপালগঞ্জে যাওয়া সমীচীন হয়নি।”

নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া প্রমুখ।

সুত্র- প্রথম আলো, ইত্তেফাক