নির্বাচনী লড়াই থেকে বাদ গফুর ভূঁইয়া, রিট খারিজ

image 200

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনী অংশগ্রহণ বাতিলের রিট খারিজ করেছেন। পরে আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গফুর ভূঁইয়া গত ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। এর আগে ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানির পর ইসি তার প্রার্থিতা বাতিলের রায় দেন।

রিটের শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটের মাঠে লড়বে ৫১টি রাজনৈতিক দল। দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১,৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন।

দলভিত্তিক প্রার্থীর মধ্যে সর্বোচ্চ প্রার্থী রয়েছে ধানের শীষ প্রতীকে—২৮৮ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৩ জন প্রার্থী নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪ জন প্রার্থী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে ১,৯৮১ জন। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না ৮টি নিবন্ধিত দল—বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক-শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। এছাড়া, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা ভোটে অংশগ্রহণ করতে পারছে না।

পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ২৭ জানুয়ারি পরে নির্বাচনে যুক্ত হবেন।

এবারের নির্বাচনী প্রচারণা আজ থেকে শুরু হবে এবং ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।