চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

image 202

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে তার ব্যবহৃত ব্যক্তিগত প্রাডো গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। এরই অংশ হিসেবে প্রচারণার উদ্দেশ্যে যাওয়ার সময় সিরাজউদ্দৌলা রোড দিয়ে অতিক্রমকালে ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ইসলামিক ফ্রন্ট সূত্রে জানা গেছে, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ তার ব্যক্তিগত প্রাডো গাড়িতে করে চলন্ত অবস্থায় সিরাজউদ্দৌলা রোড পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হঠাৎ গাড়িটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট-মেট্রো-ঘ ১১-১৭৫৭।

ঘটনার সময় গাড়িতে মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন নিজামী। দলীয় সূত্র জানিয়েছে, হামলায় তারা সবাই অক্ষত রয়েছেন।

হামলার পর আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকার একটি হলে চেয়ার প্রতীকের পক্ষে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নির্বাচনকালীন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি দাবি করেন, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা তার গাড়িকে লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ইসলামী ফ্রন্টের প্রার্থীর গাড়িতে হামলার বিষয়টি পুলিশের নজরে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।