ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে ৮ মুসলিম দেশের যোগ

image 199

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ বা গাজা শান্তি পর্ষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে আটটি মুসলিম দেশ, যার মধ্যে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবও রয়েছে। বুধবার এক যৌথ ঘোষণার মাধ্যমে দেশগুলো এ তথ্য জানায়।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এই প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেয়া সম্ভব নাও হতে পারে।

এই বোর্ডে অংশগ্রহণকারী আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত—প্রতিটি দেশ তাদের একজন করে প্রতিনিধি পাঠাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশর, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে শান্তি পর্ষদে যোগদানের পরিকল্পনা ঘোষণা করেছে, আর বাকি পাঁচটি দেশ এখনও বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছিল। ট্রাম্প বিশেষভাবে সৌদি আরবকে এই বোর্ডে আনার দিকে আগ্রহী ছিলেন এবং প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন, যদিও রিয়াদ এই আহ্বানের বিষয়ে এতদিন পর্যন্ত নীরব ছিল।

গাজার শান্তি পর্ষদকে ২০২৭ সালের শেষ নাগাদ গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ম্যান্ডেট দিয়েছে। যুক্তরাষ্ট্র এই বোর্ডকে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সংঘাত সমাধানের একটি প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করতে চায়।

পর্ষদের আজীবন চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প। বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি প্রদান করতে হবে।