উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিলল মরদেহ

image 20

কিশোরগঞ্জ সদর উপজেলায় শিয়ালের হামলায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন। ঘটনাটি সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পর বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে ঘটে। নিহত শিশু হুমায়রা, রিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।

স্থানীয়দের জানান, হুমায়রা তার চাচার ঘর থেকে নিজ ঘরে ফেরার সময় উঠান থেকে পাশের ঝোপে নিয়ে যায় শিয়াল। প্রথমে বাড়ির কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরে হুমায়রার খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপ থেকে ক্ষত-বিক্ষত শিশুর মরদেহ উদ্ধার করে পরিবার। শিশুর পুরো শরীরে কামড়ের দাগ এবং শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষত দেখা গেছে।

হুমায়রার চাচি সমলা আক্তার বলেন, এশার আযানের পর হুমায়রাকে তার চাচার ঘরে দিয়ে আসে। কিছুক্ষণ পর হুমায়রা মায়ের কাছে আসার জন্য ঘর থেকে একা বের হয়।

হুমায়রার বাবা হুমায়ুন কবির বলেন, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান। এশার আযানের পর ফোনে মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু হুমায়রার এমন মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছেছে এবং বিষয়টি খোঁজ নেওয়া হবে।