বিএনপির সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন

image 270

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন। তিনি বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দু বাসিনী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

মেজর জেনারেল মাহমুদুল হাসানের মৃত্যুতে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “মাহমুদুল হাসান আজীবন টাঙ্গাইল গড়তে নিরলসভাবে কাজ করেছেন। তিনি একজন সমাজসেবক, নিষ্ঠাবান ও দায়িত্বশীল মানুষ ছিলেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।”

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬, ২০০১ ও ২০১২ সালে বিএনপি থেকে পুনরায় নির্বাচিত হন।