
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, আতশবাজি ও ডিজে পার্টি নিষিদ্ধ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোকের এই সময়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘোষণা করেছে, ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা জনজমায় বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও সাধারণ মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরদেহ দাফনের জন্য শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে নেওয়া হয়। সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। বিকেল সাড়ে ৪টার পর রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। নিজ হাতে নামাজে জানাজা শেষে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে কবরে শায়িত করেন।