
সাত বছর কোমায় থাকার পর শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো প্রয়াত
শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো সাত বছর কোমায় থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তার প্রয়াণে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়ার সমুদ্রসৈকতের কাছে অনুশীলনের সময় তিনি একটি অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর থেকে সাত বছর তিনি কোমায় ছিলেন এবং অধিকাংশ সময় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
আকশু ফার্নান্দো ঘরোয়া ক্রিকেটে একজন প্রতিভাবান ব্যাটার ছিলেন। তার প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১,০৬৭ রান, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচে ২৯৮ রান এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণের রেকর্ড রয়েছে। সিনিয়র পর্যায়ে তার ব্যাট থেকে এসেছে সাতটি অর্ধশতক।
আন্তর্জাতিক পর্যায়ে অনূর্ধ্ব-১৯ স্তরেই শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডে দলের সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নয় বছরের ক্যারিয়ারে কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাবসহ একাধিক দলে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।