
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল মিয়া (৪০), গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। পেশায় তিনি দর্জি ছিলেন এবং বর্তমানে ফতুল্লার মুসলিম নগরের সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। আহত ব্যক্তি মোহাম্মদ আরিফুর (২০), একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় তারা ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে আসেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালকরা এখনও পলাতক রয়েছেন।