ঝিনাই নদীতে নিখোঁজ ৫ শিশুর মধ্যে শেষজনের লাশও উদ্ধার

image 13

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ দুইদিন পর আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নদীতে ডুবে নিহত পাঁচ শিশুর মরদেহ সব উদ্ধার করা হলো।

রোববার সকালে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানি এলাকায় দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ভাটিতে ঝিনাই নদীতে ভেসে উঠেছে শিশু বৈশাখী আক্তারের মরদেহ। স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

এর আগে, গত শুক্রবার বিকালে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যায় সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করেছিল। এরপর কুলসুম এবং বৈশাখী দুই শিশুর সন্ধান মিলছিল না।

ঘটনার পরদিন শনিবার সকালে কুলসুম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। রোববার বৈশাখীর মরদেহ উদ্ধার হওয়ায় দুর্ঘটনায় নিখোঁজ পাঁচ শিশুর মরদেহই সম্পূর্ণভাবে উদ্ধার হলো। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।